গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ শহরের পাঁচুরিয়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক ও ইজিবাইকসহ (অটোরিকশা) বেশ কয়েকটি যানবাহন খালে পড়ে গেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক পাঁচুরিয়া বেলী ব্রিজটি পার হচ্ছিল। এ সময় ট্রাকটির পেছনে একটি যাত্রীবাহী অটোরিকশা ও কিছু ছোট যানবাহন ছিল। ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি মাঝখান থেকে হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে ট্রাক, অটোরিকশাসহ যানবাহনগুলো সরাসরি খালে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নামেন। অটোরিকশার যাত্রী ও পথচারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকারীদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরেই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ ছিল না।
স্থানীয় এক বাসিন্দা জানান, “কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটল। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি যে ব্রিজটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়েই দীর্ঘদিন ধরে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছিল।”
শহরের প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় শহরের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে এবং খাল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো তোলার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply