রাজিয়া সুলতানা :
গোপালগঞ্জে অধ্যাপক গোলাম মোস্তফা জিএমকে সভাপতি এবং সরকারি কলেজের প্রভাষক কাজী শরিফুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ পাবলিক হল পৌর সুপার মার্কেটের রুফটপে অবস্থিত কেএসপি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) বিএম কামরুজ্জামান, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক নীহার রঞ্জন কাঞ্জিলাল, সাবেক শিক্ষা কর্মকর্তা ও রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবু আমির এবং লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন নান্নু।
এ ছাড়া গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের অন্যান্য সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকাশে এ ধরনের সংগঠনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply