গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার নির্বাচিত তিন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের, এম এ আলমসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নতুন ভবনের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা বলেন, নতুন ভবনের মাধ্যমে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিকভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনার পরিবেশ উন্নত হবে এবং বিচারপ্রার্থীরা আরও উন্নত ও কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা নতুন ভবনকে গোপালগঞ্জের আইনজীবী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে এ ভবনকে কেন্দ্র করে আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং বিচারপ্রার্থীদের সেবার মান আরও বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের আইনজীবী, বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন ভবনকে ঘিরে অনুষ্ঠানে আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply