শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই অঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতায় থাকা ৬২টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহল দেবেন। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন তিনটি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৮ প্লাটুন বিজিবি সদস্য।
নির্বাচনে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরহস্তে দমনের হুঁশিয়ারি দিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্তের ৪ হাজার ৪২৭ কিলোমিটার এলাকা নিরাপদ রেখেই সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।”
ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি।
বডি ওর্ন ক্যামেরা ও অত্যাধুনিক কে-নাইন (K-9) ডগ স্কোয়াড। কুইক রেসপন্স ফোর্স (QRF) ও র্যাপিড অ্যাকশন টিম (RAT)।
বিজিবি অধিনায়ক জানান, বিজিবি এককভাবে নয় বরং সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনা করবে। এছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে দ্রুত মুভমেন্টের জন্য হেলিকপ্টার ব্যবহারের সব প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে, কোনো প্রকার সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই বাহিনীর প্রধান লক্ষ্য ।
Leave a Reply