নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে গত রোববার (২৫ অক্টোবর) এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার (২৬ অক্টোবর) নতুন করে ১৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ। তিনি জানান, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়।
পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে মিছিলকারীদের বিরুদ্ধে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় রোববার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছিলেন, হামলা ও ভাঙচুরের ঘটনার পর ৩০ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মধ্যে ২৩ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার পুলিশের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে দেওয়া এক বার্তায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, মামলায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply