নিজস্ব প্রতিবেদক :
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা সমবায় কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং সংশ্লিষ্টরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান এবং জেলা সমবায় কর্মকর্তা আকলিমা খাতুন।
এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ, সমবায় সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমানসহ জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকান্ডের একটি মাধ্যম নয়; এটি মানুষের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর কাঠামো। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সমবায় সদস্যদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
Leave a Reply