গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. রোমান হোসেন এবং তাঁর ছেলে পৌর ছাত্রলীগ নেতা রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ১০০ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় এর আগে ৩০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং অন্তত তিন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply