নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জে ১২ বছরের শিশু মো. তালহা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাওন মোল্লা। অপর আসামি লিয়াকত আলী মোল্লাকে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেন আদালত। রায় ঘোষণার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্ত আসামিরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি শিশু তালহা তার মা আলেয়া বেগমের সঙ্গে বাড়ি থেকে দোকানে বিস্কুট ও কেক কিনতে যায়। পরে খালের পাড়ে মাছ ধরা দেখতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পেয়ে গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা।
পরে সন্দেহভাজন হিসেবে বাড়ির ভাড়াটিয়া আমিন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের একটি ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশু তালহার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. মানজুরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
Leave a Reply