গোপালগঞ্জ প্রতিনিধি:
ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ১১ দলীয় লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ অতিক্রম করে খুলনার উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রায় ১ হাজার ৩৯৬টি গাড়ি নিয়ে লংমার্চের বহরটি গোপালগঞ্জের সড়ক অতিক্রম করে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তাঁরা হাত নেড়ে ও পতাকা উড়িয়ে গাড়িবহরকে স্বাগত জানান।
এর আগে, লংমার্চকে স্বাগত জানাতে শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম ও ঘোনাপাড়া মোড়ে সমবেত হন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে জাতীয় পতাকা ও জামায়াতে ইসলামীর দলীয় পতাকা দেখা যায়।
অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের সড়ক দিয়ে অতিক্রম করার সময় তাঁরা পতাকা হাতে দাঁড়িয়ে বহরটিকে স্বাগত জানাবেন। এ উদ্দেশ্যে তাঁরা বিভিন্ন মোড়ে একত্রিত হন।
উল্লেখ্য, লংমার্চ উপলক্ষে গোপালগঞ্জে কোনো আনুষ্ঠানিক পথসভা বা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়নি। গাড়িবহরটি জেলার সড়ক ব্যবহার করে বাগেরহাট ও খুলনার দিকে যায়।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, লংমার্চের সমাপনী জনসভা শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে (জিলা স্কুল মাঠ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply