নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জে নিজ পিতাকে হত্যা করার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকাসক্ত আলীম কাজী বটি হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ইসমাইল কাজী ছেলেকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আলীম কাজী হাতে থাকা বটি দিয়ে তার বাবার গলায় কোপ দেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আলীম কাজীকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আলীম কাজী আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম. এম. জুলকদর এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।
Leave a Reply