নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে কাজ করার প্রত্যয় নিয়ে গোপালগঞ্জে গ্রিন ফোর্স বাংলাদেশ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা পরিষদের ডাকবাংলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি গোলাম মোস্তফা জিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশের গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহারুল হক বাবলু, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি বর্তমানে সমাজের জন্য একটি নীরব ঘাতক। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সমাজের বিভিন্ন স্তরে বিস্তৃত হয়েছে।
তারা বলেন, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি অফিস ও বিচার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। এর ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ঘুষ ছাড়া ফাইল নড়ে না, যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হন, মেধাবীরা কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগ পান না এবং অসুস্থ মানুষ অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।
বক্তারা আরও বলেন, এ পরিস্থিতি কোনোভাবেই চলতে দেওয়া যায় না। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। গ্রিন ফোর্স বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কমিটি দুর্নীতির বিরুদ্ধে কাজ করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে চায়।
এ সময় দুর্নীতি প্রতিরোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply