নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩—এই তিনটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ তাদের সবাইকে নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন-
বিএনপির মোঃ সেলিমুজ্জামান মোল্লা (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুল হামিদ মোল্লা (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির সুলতান জামান খান (নাঙ্গল), কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার (কাস্তে)।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আশরাফুল আলম শিমুল (ফুটবল), কাইয়ুম আলী খান (কলস) এবং এম আনিসুল ইসলাম (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা-
বিএনপির ডা. কে এম বাবর (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম হুসাইন শিকদার (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শুয়াইব ইব্রাহিম (রিকশা), গণঅধিকার পরিষদের দীন মোহাম্মদ (ট্রাক), জাকের পার্টির মাহমুদ হাসান (গোলাপ ফুল), জাতীয় পার্টির রিয়াজ সরোয়ার মোল্লা (নাঙ্গল) এবং গণফোরামের মফিজ (সূর্য)।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু (হরিণ), কামরুজ্জামান ভূঁইয়া (টেলিফোন), সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি), রনী মোল্লা (তালা) ও উৎপল বিশ্বাস (ফুটবল) প্রতীক পেয়েছেন।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন-
বিএনপির প্রার্থী এস এম জিলানী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি আজিজুর রহমান (রিকশা), গণঅধিকার পরিষদের আবুল বাশার (ট্রাক), গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস (সূর্য), ন্যাশনাল পিপলস পার্টির এস এম সালাউদ্দিন (আম)।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোবিন্দ চন্দ্র প্রামানিক (ঘোড়া) ও এডভোকেট হাবিবুর রহমান (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply