নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, আগামী তিন মাসের মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ দৃশ্যমান পরিবর্তন আনা হবে। এর মধ্যে গাইনি ও সার্জারি বিভাগে ২৪ ঘণ্টা অপারেশন চালু করা এবং জনবল সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এমপি ডা. বাবর জানান, বর্তমানে ৫৫ জন চিকিৎসকের স্থলে মাত্র ১৮ জন কর্মরত রয়েছেন। শূন্য পদগুলো দ্রুত পূরণের মাধ্যমে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হবে।
তিনি আরও বলেন, দালালমুক্ত ও পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তোলা হবে। জরুরি চিকিৎসার জন্য রোগীদের যেন ঢাকা বা খুলনায় যেতে না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ডা. নিয়াজ আহাম্মেদ, অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জিবিতেষ বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
পরে এমপি ডা. কে এম বাবর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।
Leave a Reply