কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি:-হোসেন আলী
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি গাছ কাটতে বাধা দেওয়া হলে বিএনপি নেতার লোকজন তাদের মারধর সহ খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী মোঃ আবুবক্কার এর স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। কোটালীপাড়া থানার ডায়রি নং ২৬২। গত শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই পরিবারটি বিএনপি নেতার হুমকিতে আতংক ও উৎকন্ঠায় মানবেতর জীবন যাপন করছেন। থানায় ডায়রি ও সরজমিন উনশিয়া গ্রাম গিয়ে জানা গেছে, উনশিয়া গ্রামের হাজী মোহাম্মদ আলী তার সত্ব দখলীয় জমিতে মেহগুনি ও চাম্বল গাছের বাগান করে ভোগ দখলে ছিলেন। তার মৃত্যুর পরে পুত্র মোঃ আবু বক্কার পিতার সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে স্ত্রী রোজিনা বেগমের নামে হেবা দলিল লিখে দেন। আবু বক্কার স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে ঢাকায় ব্যবসার কাজে অবস্থান করেন। এই সুযোগে ঘটনার দিন উনশিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আলামিন (৫০), রিপন (৪৫), পলাশ শেখ (৪০) সহ একদল লোক গিয়ে রোজিনা বেগমের ৫৪টি মেহগুনি ও চাম্বল গাছ কেটে নিতে থাকে। খবর পেয়ে আবু বক্কারের বোন হামিদা বেগম ঘটনাস্থলে এসে গাছ কাটতে বাধা দিলে তাকে মারধর সহ খুন জখমের ভয় দেখিয়ে ঘটনস্থল থেকে তাড়িয়ে দেয়। ঘটনা জেনে আবু বক্কার ও স্ত্রী রোজিনা বেগম ঢাকা থেকে কোটালীপাড়া থানায় এসে একটি সাধারণ ডায়রি করেছেন। উনশিয়া গ্রামে ফজলুর রহমান জানান- হাজী মোহাম্মদ আলী তার সত্ব দখলীয় জায়গায় গাছ লাগিয়েছিলেন। তার মৃত্যুর পর ছেলে আবু বক্কার ওই জায়গার গাছপালা রক্ষণাবেক্ষণ করি আসছেন। তিনি ঢাকায় অবস্থান করায় শুক্রবার দুপুরে বিএনপি নেতা মোঃ আলামিন (অক্সি) তার লোকজন নিয়ে ৫৪টি মেহগুনি ও চাম্বল গাছ কেটে নিয়েছে। এ ব্যাপারে বিএনপি নেতা আলামিন এ প্রতিবেদককে জানান- ওই জায়গা নিয়ে তাদের সাথে কোর্টে আমার মামলা চলমান। একটি মামলায় আমি ডিগ্রী পেয়ে আমার জায়গার গাছ আমি বিক্রি করেছি। কোটালীপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বলেন- বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেহ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রিয়াদ মাহমুদ বলেন- অভিযোগ পেয়ে ডায়রি ভুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply